আফগান তালেবান বাহিনীর সঙ্গে সীমান্তে সংঘর্ষ তীব্র হওয়ায় পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কোনো আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
সরকারি সূত্র জানায়, সীমান্তের ওপার থেকে ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা অভিযান চালিয়েছে। এসব অভিযানে জঙ্গিদের আস্তানা, কমান্ড সেন্টার ও অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, যেকোনো আগ্রাসনের জবাব কঠোর ও উপযুক্তভাবে দেওয়া হবে। তিনি জানান, ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী অভ্যন্তরীণ ও বহিরাগত সব ধরনের হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। শান্তির পক্ষে অবস্থান নিলেও দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জোর দেন।
প্রেসিডেন্ট জারদারিও একই সুরে জানান, পাকিস্তানের শান্তিপ্রয়াসকে দুর্বলতা ভেবে কেউ ভুল করলে তার কঠোর জবাব দেওয়া হবে। দেশের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতিতে দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তানের ‘ধৈর্যের সীমা শেষ’। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘খোলা যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, আফগান তালেবান সরকার তাদের ভূখণ্ড জঙ্গিদের ব্যবহারের সুযোগ দিচ্ছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।