অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে থাকছে বিশেষ আয়োজন। বেলা ১১টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মেলার দুয়ার, আর বেলা ১টা পর্যন্ত চলবে শিশুদের জন্য নির্ধারিত ‘শিশুপ্রহর’।
বাংলা একাডেমি প্রাঙ্গণে এ সময় শিশু-কিশোরদের জন্য থাকছে নানা আকর্ষণীয় আয়োজন। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের মোহে ছোট পাঠকদের চোখে থাকবে উচ্ছ্বাস। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠবে মেলার মাঠ।
প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ পালন করা হবে। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতারও আয়োজন রাখা হয়েছে, যা ছোটদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর বিকেলে সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মোচন করে দেওয়া হয়। এবার অমর একুশের বইমেলার মূল প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
বাংলা একাডেমির আয়োজনে অমর একুশের বইমেলা সাধারণত ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে মাসব্যাপী চলে। ফেব্রুয়ারিতে (১২ তারিখ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিল সাবেক অন্তর্বর্তী সরকার। এ জন্য বইমেলার সময় পরিবর্তনের সিদ্ধান্ত হয়। বেশ কয়েক দফা মেলার তারিখ পরিবর্তন করা হয়। একপর্যায়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মেলা করার সিদ্ধান্ত হয়। দীর্ঘ দোলাচল শেষে গতকাল থেকে শুরু হলো ১৮ দিনের অমর একুশের বইমেলা। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।