ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি ডাকসু ভিপির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন। একইসঙ্গে জনসম্মুখে ধর্ষকের বিচার কার্যকর করারও আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসু আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সাদিক কায়েম বলেন, নির্বাচন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। মা-বোনদের ওপর নির্যাতন ও ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। তিনি এসব ঘটনার দ্রুত বিচার এবং সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ডাকসু ভিপি আরও বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে এবং জনসম্মুখে ধর্ষকের বিচার করতে হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার অভিযোগের সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তিনি।

হুঁশিয়ারি উচ্চারণ করে ডাকসুর ভিপি বলেন, বাংলাদেশে আর হাসিনাতন্ত্র ফিরে আসতে দেওয়া হবে না। প্রয়োজন হলে আবারও রাজপথে নামা হবে। মা-বোনদের ওপর আর নির্যাতন চালানো হলে গণপ্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।

সমাবেশে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের সুস্পষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। ব্যক্তির অপরাধের দায় দল এড়াতে পারে না।

এছাড়া, বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং ক্রিয়া সম্পাদক আরমান হোসেন।