ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত শিরোপা জিততে পারবে কিনা- এ নিয়ে সর্বমহলেই আপাতত সংশয় আছে। বিশেষ করে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এই সংশয় প্রকট হয়েছে। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচ খেলতে নামবে ভারত। সেই ম্যাচের আগে ভারত কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সাবেক ইংল্যান্ড পেসার স্টিভ হার্মিসন।
হার্মিসন মনে করছেন, যদি কোচ গম্ভীর ভারতকে বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হন, তাহলে তিনি তার কোচিং পদে থাকতে পারবেন না। তার ভাষায়, ‘গম্ভীরকে পছন্দ করা কঠিন। আমি নিশ্চিত নই যে ড্রেসিং রুমে তার অবস্থান কেমন। যদি একজন ভারতীয় কোচের মধ্যে খুব কম অহং থাকে, তখনই সফল হওয়ার সুযোগ থাকে। এই বিশ্বকাপ না জিতলে তার চাকরি থাকবে না। তবে আমি তাকে কোচিং করার ধরনটি যত্নসহকারে দেখার জন্য শ্রদ্ধা করি। তিনি ছিলেন একটি তিক্ত চরিত্র। সেইসঙ্গে খুব তিক্ত এবং জেদি খেলোয়াড়।’
গম্ভীরের নিষ্ঠার প্রশংসা করলেও হার্মিসন মনে করেন, একজন ভালো কোচের জন্য যে অন্তর্দৃষ্টি থাকা প্রয়োজন, তা গম্ভীরের মধ্যে কম আছে। তার ভাষায়, ‘তার কোচিং স্টাফে ভারতের বিখ্যাত কেউ নেই। বরং তিনি মর্নে মরকেল এবং রায়ান টেন ডেশকাটকে নিয়েছেন, যাদেরকে তিনি তার দলের পরিচালনার জন্য সেরা মনে করেন। তিনি তার কাছের মানুষদের প্রতি বিশ্বস্ত, এবং আমি সেটা প্রশংসা করি। ভালো কোচের চিহ্ন হলো নিজের ভুল স্বীকার করা এবং তা ঠিক করা। এছাড়াও একজন ভালো কোচ নিজের মুখের দিকে তাকিয়ে বলতে পারে, “এটা কাজ করছে না, আমাকে পথ বদলাতে হবে।” এটি গম্ভীরের ক্ষেত্রে খুব শক্ত নয়।’
সাবেক কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই শিরোপা জিতেছে ভারত। এবারের গ্রুপপর্বে শতভাগ জয়ে তারা সুপার এইটে উঠেছে। এই পর্বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় রাউন্ডে ৭৬ রানের হারের পরও তারা জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের বড় জয়ে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে। এখন দেখার, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সূর্যকুমার যাদবরা সেমিতে যেতে পারেন কিনা।