মহাবিশ্বের পরিণতি 

বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে জীবনের অস্তিত্ব একমাত্র সূর্যের উপস্থিতির কারণে টিকে আছে এবং জীবনের অস্তিত্ব চিরস্থায়ী নয়। অন্য সব নক্ষত্রের মতো একদিন সূর্যেরও মৃত্যু ঘটবে, সঙ্গে মৃত্যু হবে জীবনের অস্তিত্বের। বিজ্ঞানীরা এ বিষয়ে একমত যে, একদিন এই সমগ্র্র মহাবিশ্ব ধ্বংস হবে। কিন্তু কীভাবে সেটা হবে, তা নির্ভর করে  বেশ কিছু অজানা তথ্য মহাবিশ্বের আকার, ঘনত্ব এবং এর মধ্যে অবস্থানকারী কৃষ্ণবস্তুর উপস্থিতির ওপর। ব্যাপক সময়ের ব্যবধানে এই মহাবিশ্বের ভবিষ্যৎ কী হবে, তা নির্ভর করে দুটি বিষয়ের ওপর: (১) মহাবিশ্বের বর্তমান গঠন কেমন এবং (২) মহাবিশ্ব কীভাবে এই গঠনে এসেছে। এ দুটি প্রশ্নের উত্তর জানলে মহাবিশ্বের ভবিষ্যৎ কী, সে সম্পর্কে জানা যাবে। সামগ্রিকভাবে বিবেচনা করলে বলা যায়, মহাবিশ্বের মূল গাঠনিক উপাদান হলো গ্যালাক্সি। মহাবিশ্বের সীমাহীন শূন্যতার ‘সাগরে’ কোটি কোটি ‘দ্বীপ’ সদৃশ নক্ষত্রের সমন্বয়ে এক একটি গ্যালাক্সি গঠিত। সাধারণ একটি গ্যালাক্সিতে প্রায় ১০০ বিলিয়নের (১০১১) মতো নক্ষত্র থাকে। সূর্য এ রকমই একটি নক্ষত্র।  পৃথিবী, সূর্য ও সৌরজগতের অন্যান্য গ্রহ নিয়ে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, তাকে বলা হয় মিল্কিওয়ে গ্যালাক্সি। একে ‘ছায়াপথ’ নামেও ডাকা হয়। স্বস্তির বিষয় হচ্ছে, মহাবিশ্বের অন্তিম পরিণতি ঘটতে সুদীর্ঘ সময় পাড়ি দিতে হবে।