একাধিক রোমান্টিক নাটকে নীহা 

সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী নাজনীন নাহার নীহা এবারের ঈদুল ফিতরকে সামনে রেখে একাধিক নাটকে শুটিং করছেন। এরইমধ্যে শেষ করেছেন তিনটি নাটকের কাজ। সবগুলোই রোমান্টিক ধাঁচের। নীহার মতে, রোমান্টিক কাজ সহজ মনে হলেও এটি চ্যালেঞ্জের, তবে এ ধারায়ই তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

ভবিষ্যতে অন্য ধারার কাজেও যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে তার। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি প্রেমের নাটকের শুটিং করছেন এই অভিনেত্রী। ‘প্রেমাতাল’ নামের এই নাটকে নীহাকে দেখা যাবে অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে। এর গল্পের মূল চরিত্র নিখোঁজ হয়। সে বেঁচে আছে না মারা গেছে, তার মা ও সদ্যবিবাহিতা স্ত্রীর জানা নেই। গল্পটার শরীর জুড়ে আছে প্রেম। কিন্তু প্রেম ছাপিয়ে এটি ধীরে ধীরে হয়ে উঠবে অপেক্ষার গল্প।

সিএমভি’র ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। গল্প প্রসঙ্গে আগাম কোনো ইঙ্গিত দিতে চান না তিনি। তার কথায়, ‘প্রেমময় ও বেদনাদায়ক অপেক্ষার গল্পে সাজানো হয়েছে। গল্পটা ছেলের জন্য একজন মায়ের যেমন অপেক্ষার, তেমনি একজন স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষার। এর ভেতরে ও বাইরে রয়েছে অনেক প্রেম, অভিমান, নাটকীয়তা ও নৃশংসতা।

সিএমভি’র স্বত্বাধিকারী ও নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এমন গল্পের চিত্রনাট্য খুব কমই পাওয়া যায় আজকাল। তাই ‘প্রেমাতাল’ হতে যাচ্ছে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আমাদের প্রতিষ্ঠানের ব্যানারে অন্যতম দরকারি নির্মাণ।’ সদ্য শুটিং শেষ হওয়া নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুমন হোসাইন। ঈদ উৎসবে ইউটিউবে সিএমভি চ্যানেলে মুক্তি পাবে ‘প্রেমাতাল’।