নেইমার জিরো থেকে হিরো

ব্রাজিল সুপারস্টার নেইমার কি আদৌ ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবেন এটাই ব্রাজিলিয়ান ফুটবলে সবচেয়ে বড় প্রশ্ন। চোটপ্রবণতা এবং ফর্মহীনতার কারণে নেইমার ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির গুডবুকে নেই। এমতাবস্থায় বৃহস্পতিবার রাতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে নেইমারের জাদুকরী জোড়া গোলে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে সান্তোস। ৩৪ বছর বয়সী এই উইঙ্গার সর্বশেষ গোল করেছিলেন গত ডিসেম্বরে। হাঁটুর অস্ত্রোপচার থেকে ফেরার পর এটি ছিল এই বছরে তার মাত্র তৃতীয় ম্যাচ। ম্যাচ শেষে সমালোচকদের জবাব দিতেও ছাড়েননি ব্রাজিল তারকা।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের (সিরি-এ) চতুর্থ রাউন্ডের ম্যাচটির শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা নেইমার ২৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক গোল করে সান্তোসকে এগিয়ে দেন। গোল করার পর তিনি প্রতিপক্ষ ভাস্কো সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে ‘চুপ’ থাকার ইশারা করেন। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে তার স্বদেশি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের স্টাইলে নেচে গোলটি উদযাপন করেন।

ম্যাচ শেষে নেইমার জানান, গোল উদযাপনের নাচটি তিনি তার জাতীয় দলের সতীর্থ তথা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জন্য উৎসর্গ করেছেন। সম্প্রতি বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিনিসিয়ুস বর্ণবাদের শিকার হয়েছিলেন। নেইমার বলেন, ‘ভিনি, এটা তোমার জন্য। যখন সে পর্তুগালে গোল করেছিল, তখন তাকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছিল। আমি তাকে কথা দিয়েছিলাম, আমি গোল করলে তার মতো করেই উদযাপন করব।’