আমিরকে কড়া জবাব অশ্বিনের

ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলে সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিনটি ‘ডাক’ মারার পর অভিষেককে নিয়ে তিনি এই খোঁচা মারেন। এবার সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গত বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ৩০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন অভিষেক। ভারত জেতে ৭২ রানে।

এরপরই আমিরের মন্তব্যের জবাবে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘মোহাম্মদ আমির অভিষেককে সøগার বলেছেন, এটা আমি দেখেছি। আপনি তার খেলা নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু সে স্লগার নয়। তার ব্যাটের মুভমেন্ট এই সময়ে অন্যতম সেরা। আমরা সবাই জানি যুবরাজ সিং তার মেন্টর। তার ব্যাটের মুভমেন্ট সম্ভবত যুবরাজের চেয়েও ভালো। অভিষেক বড় শট খেলতে পারে, তাই হয়তো কেউ কেউ ভুল করে তাকে স্লগার ভাবে।’

এদিকে জিম্বাবুয়ে ম্যাচের পর অভিষেক বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পারলে সবসময় ভালো লাগে। আমি অনেকদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম, সেটা করতে পেরে আমি খুব খুশি। আমি শুধু কিছুটা সময় উইকেটে কাটাতে চেয়েছিলাম। সতীর্থরা আমার পাশে ছিল।’