বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধান ও সহকারীর নিয়োগ পরীক্ষা এপ্রিলের শেষে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের সাড়ে ১৩ হাজার পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ৮০ হাজারের বেশি শিক্ষক আবেদন করেছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম গতকাল শুক্রবার গণমাধ্যমকে এসব তথ্য জানান। শিগগির এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, এবারই প্রথম এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রক্রিয়া চলছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের শূন্য পদে নিয়োগের পরীক্ষা নিয়ে গত ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। গত ৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।