সংরক্ষিত আসনে বিএনপি নেত্রীদের লবিং তুঙ্গে

ঈদের আগেই ঘোষণা আসতে পারে; তাই সময় নেই হাতে। বরিশাল বিভাগের অন্তত হাফ ডজন বিএনপি নেত্রী এখন ব্যস্ত এক লক্ষ্যে সংসদের সংরক্ষিত আসনে নিজের নামটি নিশ্চিত করতে। কেউ দলের জন্য দশকের পর দশক মাঠে কাটিয়েছেন, কেউবা বহন করছেন পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার। কিন্তু গন্তব্য সবার এক সংসদ ভবন। দলীয় সূত্র বলছে, ২১টি সংসদীয় আসনের অনুপাতে বরিশাল বিভাগে বিএনপির দুই-তিনটি সংরক্ষিত আসন বরাদ্দ হতে পারে। ঈদের আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

শীর্ষে শিরিন : বরিশালে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। ঐতিহ্যবাহী বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস হিসেবে রাজনীতিতে হাতেখড়ি। মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এমনকি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান; দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০০১ সালে সংরক্ষিত এমপি হয়েছিলেন তিনি। শিরিন বলেন, ‘এবার সরাসরি নির্বাচন করতে চেয়েছিলাম, হয়নি। এখন দেখি দল কীভাবে মূল্যায়ন করে। বরিশালে দুই-তিনটি আসন আসতে পারে, ঈদের আগেই সিদ্ধান্ত হয়তো হয়ে যাবে।’

বাবার রাজনৈতিক উত্তরাধিকার কাঁধে লাইজু: বরিশাল-৩ আসনের চারবারের সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেন মঙ্গুর কন্যা অধ্যাপক ডা. জাহানারা লাইজু একাদশ শ্রেণি থেকেই বাবার হাত ধরে বিএনপির রাজনীতিতে। বর্তমানে ড্যাবের সহ-মহিলাবিষয়ক সম্পাদিকার দায়িত্বে থাকা লাইজু বলেন, ‘নব্বইয়ের গণআন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন; রাজপথে ছিলাম সবসময়। নারীর অধিকার, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কাজ করতে চাই।’

মনোনয়ন না পেয়ে সংরক্ষিত আসনে জেবা: ঝালকাঠি থেকে সরাসরি নির্বাচনে মনোনয়নবঞ্চিত বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আমীন খান এবার সংরক্ষিত আসনেই ভরসা রাখছেন। দলের অভ্যন্তরে তার তদবির অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

স্বামীর আসনে স্ত্রীর স্বপ্ন : পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক এমপি শাহজাহান খানের স্ত্রী আনোয়ারা খান এখন সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশায়। ২০২৩ সালে বরিশালের বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান খান। আনোয়ারা বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী প্রতিটি কর্মসূচিতে রাজধানীতে সক্রিয় ছিলাম। বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধেও ছিলাম।’

ভোলায় এমপির বোন ও বিজেপি নেতার মা : ভোলায় আলোচনায় রয়েছেন ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ও গিয়াস উদ্দিন আল মামুনের আপন বোন, অধ্যক্ষ খালেদা খানম। বোরহানউদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি এই নেত্রী সংরক্ষিত আসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় নেত্রীরা জানিয়েছেন। পাশাপাশি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমানের মা রেবা রহমানের (৭০) নামও এ তালিকায় উচ্চারিত হচ্ছে।

বরগুনায় একাধিক প্রার্থী, পিরোজপুরেও তৎপরতা : বরগুনায় মাঠে রয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক আসমা আজিজ, অধ্যাপক নুর শাহানা হক এবং জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী শারমিন সুলতানা আসমা। আসমা আজিজ বলেন, ‘উপকূলীয় মানুষের দুঃখ-দুর্দশা সরাসরি দেখেছি। তাদের নিয়ে কাজ করার সুযোগ চাই।’ পিরোজপুর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামানও সংরক্ষিত আসনে মনোনয়নের আশায় তৎপর রয়েছেন।