কক্সবাজারের কলাতলীর এন আলম গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকা-ে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার রাতে তিনি কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলকে ফোন করে গ্যাসপাম্পে বিস্ফোরণ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে জানতে চান। এ সময় তিনি সংসদ সদস্যকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।
সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানান, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর বাইপাস সড়কে গ্যাসপাম্প এবং ভয়াবহ আগুনে দগ্ধ ও ক্ষতিগ্রস্ত লোকজনের সর্বশেষ অবস্থা জানতে চান। পাম্পে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা, তদন্ত কমিটি গঠনসহ বিস্তারিত জানানোর পর প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। এর মধ্যে বুধবার আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম।
তিনি জানান, বিশেষজ্ঞ দল, বিস্ফোরণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। এ বিষয় পুরোদমে কাজ চলছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। এর মধ্যে গতকাল শুক্রবার সরেজমিন দেখা যায়, আগুনের ঘটনায় পাম্পটির আশপাশে থাকা আলামত সরিয়ে নেওয়া হয়েছে। যেখানে পিলার দিয়ে সীমানা প্রচীর নির্মাণের চেষ্টা করছে। পরিচ্ছন্ন করা হচ্ছে পাম্পটি। স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাতে সব আলামত অন্যত্র সরিয়ে সংস্কারের কাজ করছে মালিকপক্ষ।
বিষয়টি এডিএম মো. শাহিদুল আলমকে অবহিত করলে তিনি জানান, সরিয়ে কোনো লাভ হবে না। এগুলো সংরক্ষণের জন্য লিখিতভাবে মালিককে জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে আলামতে তালিকা তৈরি হয়েছে। এর ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারে গত বুধবার সন্ধ্যায় পাম্পের ট্যাংক থেকে গ্যাস নির্গত (লিকেজ) হয়ে আগুন ধরে যায়। পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আবার আগুন ধরে যায়। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িসহ নানা প্রতিষ্ঠানে। আগুনে ৩০টির মতো গাড়ি, ৪টি বাড়িসহ নানা অবকাঠামো পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধসহ আহত হন ১৫ জন। ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ভর্তি করা হয়।