বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। গতকাল শুক্রবার রাজধানীর লালবাগে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার আয়োজনে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বাড়িঘর ও দোকানের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যেখান থেকে সিটি করপোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবে। কোনো বাসা থেকে বর্জ্য সংগ্রহের জন্য ১০০ টাকার বেশি নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের অনুমোদন বাতিল করা হবে।’
ঢাকাকে পরিচ্ছন্ন করতে নগরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকাকে আমরা ক্লিন সিটি, গ্রিন সিটিতে রূপান্তরের কাজ শুরু করেছি।’