মাত্র ৪ মিনিট জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড হোয়াকিন পানিচেল্লি। ফ্রান্সের শীর্ষ লিগের ২৪তম পর্বে তার করা এক অনন্য গোল এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
স্ত্রাসবুর্গ ও লঁসের ম্যাচটি শেষ হয়েছে ১–১ সমতায়। তবে ফলের চেয়ে বেশি মনে থাকবে পানিচেল্লির গোলটি। ম্যাচের ১৭ মিনিটে নিজের দলের রক্ষণভাগের কাছ থেকে বল কাড়েন তিনি। সেখান থেকেই প্রায় ৬০ মিটার দৌড়ে দ্রুতগতিতে প্রতিপক্ষের অর্ধে ঢুকে পড়েন।
সতীর্থের লম্বা পাসের পর প্রতিপক্ষের ডিফেন্ডারের ছোট পাসে সুযোগ তৈরি হয়। মুহূর্তের মধ্যে বলের পেছনে ছুটে গিয়ে গোলরক্ষক লাইন ছেড়ে এগিয়ে আসতেই বক্সের বাইরে থেকে চিপ শটে বল জালে পাঠান পানিচেল্লি। নিখুঁত সময়জ্ঞান ও আত্মবিশ্বাসে ভরপুর ছিল তার ফিনিশিং।
ম্যাচের ৬২ মিনিটে সমতা ফেরায় লঁস। তবে পুরো ম্যাচজুড়ে সক্রিয় ছিলেন পানিচেল্লি। চলতি মৌসুমে ৩৩ ম্যাচে এটি তার ১৬তম গোল। লিগে গোলদাতাদের তালিকায়ও উঠে এসেছেন শীর্ষে। স্পেনের ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। দ্বিতীয় বিভাগে এক মৌসুমে ৪৪ ম্যাচে করেছিলেন ২১ গোল। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই ২০২৫ সালে বড় অঙ্কের অর্থে তাকে দলে নেয় স্ত্রাসবুর্গ।
লিগ তালিকায় ২৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে স্ত্রাসবুর্গ। আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও দলটি ভালো করার প্রত্যাশায় রয়েছে। আর সামনে বড় আন্তর্জাতিক আসর থাকায় জাতীয় দলে জায়গা পেতে নিজের দাবি আরও জোরালো করেই জানিয়ে চলেছেন এই তরুণ