বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ২ পরিবার

কুমিল্লার দাউদকান্দিতে আগুন লেগে দুই পরিবারের পাঁচটি বসতঘর পুড়ে গেছে। বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে। উপজেলার টামটা গ্রামে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি ফায়ার স্টেশনের ইনচার্জ এরশাদ হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে মনির হোসেন বাতেন ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুনের পাশের কয়েকটি ঘরকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আলমগীর হোসেন জানান, রান্না করে খাবার মতো চাল ডাল বা হাড়ি পাতিল কোনো কিছুই রইলো না। খোলা আকাশের নিচে রাত্র যাপন করতে হবে।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে এলাকাবাসীও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।