নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ইকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে প্রায় ১৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা।
ভুক্তভোগী শ্রমিকরা জানান, গত ২০২৫ সালের ডিসেম্বর ও ২০২৬ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। মালিকপক্ষ দিচ্ছি দিচ্ছি করে বেশ কয়েকদিন ধরে তাদের ঘুরাচ্ছেন। যারা প্রতিবাদ করছেন তাদের আটকে রেখে নির্যাতন চালাচ্ছেন এবং শ্রমিক ছাঁটাই করছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরেই শ্রমিক ও মালিকপক্ষ বিরোধ চলে আসছে।
এ নিয়ে শনিবার সকালে কারখানার সামনে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুপুর পৌনে ১টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনসহ একদল পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরাতে না পেরে লাঠিচার্জ করে। এক পর্যায়ে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উত্তেজিত শ্রমিকরা সড়কে আটকা পড়া বাস ট্রাক সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করে। এছাড়া গার্মেন্টস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেন। এ সময় টিয়ারসেল এবং ইটপাটকেলের আঘাতে শ্রমিক, পুলিশ, পথচারী, সাংবাদিকসহ অন্তত ২০ জন হন।
এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা কোন প্রকার কথা বলতে রাজি হননি। এছাড়া পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।