আশুলিয়ায় শ্বাসরোধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সাভারের আশুলিয়ায় রুমানা আক্তার নামে দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী বিল্লাল পলাতক রয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনারটেক এলাকার হেলাল মাস্টারের ভাড়াবাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিল্লাল-রুমানা রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা। বিল্লাল স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করতেন এবং রুমানা স্থানীয় একটি টুপি তৈরি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, বিল্লাল-রুমানা দম্পতি এক বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। হঠাৎ শনিবার সকালে প্রতিবেশীরা ঘরের ভেতরে রুমানার মরদেহ দেখতে পান। পরে প্রতিবেশীরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আশুলিয়া থানা পুলিশকে মৃত্যুর বিষয়টি অবহিত করেন। রুমানার মৃত্যুর পর থেকেই তার স্বামী বিল্লাল পলাতক রয়েছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কব্জিতে কাটা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।