প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। তিনি ফ্যামিলি কার্ড, ইমাম মোয়াজ্জিমদের ভাতা, কৃষি কার্ড, খাল খনন, বৃক্ষ রোপন, মাদক, জুয়া এবং দুর্নীতিমুক্ত  দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই লক্ষ্যে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। মানুষের যে চাহিদা রাস্তাঘাটের উন্নয়ন শুরু করে প্রতিটি গ্রাম যাতে বাসযোগ্য করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া আলুর দাম অনেক কম হওয়ায় কিভাবে আলুকে সংরক্ষণ করে আলু চাষীদের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। দ্রুত এসব সুবিধা জনগণ ভোগ করবে।

শনিবার (২৮ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, দ্রব্যমুল্য ও উন্নয়ন কার্যক্রম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

প্রতিমন্ত্রী জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের মেধা ও সততার ভিত্তিতে মুল্যায়ন হবে। দুর্নীতি করলে কেউ ছাড় পাবেনা। অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।