মৌকারা দরবারে লক্ষাধিক মুসল্লির তারাবির প্রস্তুতি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী মৌকারা দরবার শরীফ মাঠে কাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৮০তম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল ও সালেকিন সম্মেলন। প্রখ্যাত মুহাদ্দিস ও ওলিয়ে কামিল শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা অলিউল্লাহ (রহ.)এর ২০তম বার্ষিক ইসালে সাওয়াব উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। মাহফিল ঘিরে লক্ষাধিক মুসল্লির ইফতার ও তারাবির নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

আয়োজক কমিটি জানায়, শনিবার বাদ যোহর মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনব্যাপী আলোচনা শেষে রাতে ওয়াজ, জিকির-আযকার ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আগামী রবিবার (১ মার্চ) সকাল ১০টা থেকে কোরআনের তাফসির, ইসলাহী বয়ান ও আধ্যাত্মিক দিকনির্দেশনামূলক আলোচনা চলবে দিন ও রাতব্যাপী। দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী। প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন পর্বে বক্তব্য রাখবেন মেছবাহুল ইসলাম লতিফী, বদিউল আলম সরকার ও এইচ এম আনোয়ার মোল্লা। দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সৈয়দ ছালেহ আহমাদ, আলাউদ্দিন জিহাদী ও মোহাম্মদ মানজুর হোসাইন খন্দকারসহ দেশবরেণ্য পীর-মাশায়েখ ও উলামায়ে কিরাম।

মাহফিলে সভাপতিত্ব করবেন মৌকারা দরবার শরীফের পীর সাহেব ও মৌকারা দারুসসুন্নাত ওয়ালীয়া কমপ্লেক্সের চেয়ারম্যান শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালিউল্লাহ। আয়োজকরা জানান, মাহফিলকে ঘিরে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা প্রস্তুতি নেওয়া হয়েছে ।