চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভা ১নং ওয়ার্ড উত্তর গাছবাড়িয়া ভোলা সেন বাড়িতে ডাকাত দলের গুলিতে গরুর মালিক চন্দন দেকে হত্যা ও ৩ গরু লুটের ঘটনায় সন্দেহভাজন মোহাম্মদ নাছির প্রকাশ ডাকাত নাছির (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
গত ২৬ ফেব্রুয়ারি ভোর পৌনে ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া নিহতের বাড়িতে এই হত্যা ও গরু লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে জনি বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন
চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা কদ্দাছড়া এলাকার ডাকাত নবী হোসেনের সহযোগী (ফুফাত ভাই) মোহাম্মদ নাছির প্রকাশ ডাকাত নাছিরকে (৪৫) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম।
গ্রেফতারকৃত নাছির চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার কদ্দাছড়া গ্রামের মরহুম অলি আহমেদের ছেলে বলে জানা যায়।
ওসি মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম আরও জানান, হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।