উত্তরায় রেস্টুরেন্টে আগুনে দন্ধ ৭ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর উত্তরা তিন নম্বর সেক্টরে একটি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ সাতজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় তাদেরকে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, শরীফ (২০), রুবেল (৩৫), সজীব (২৬), আসিফ (২৮), মেজবাহ (৪৫), মিলন (৪২) ও সুজাত (২৯)।

দগ্ধরা জানান, তারা উত্তরা তিন নম্বর সেক্টরের একটি চাইনিজ রেস্টুরেন্টের কর্মচারী। বুধবার দুপুরে রেস্টুরেন্টের ভেতর গ্যাস লিকেজের কারণে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অন্তত ১০ জনের হাত, পা এবং মুখের কিছু অংশ ঝলসে যায়।

ঘটনার পর ৩ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। বাকি ৭ জন বাংলাদেশ মেডিকেলে ভর্তি হন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের সবার হাত পা এবং মুখের কিছু অংশ দগ্ধ হয়েছে। তবে তাদের অবস্থাই গুরুতর নয়।