দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছে; আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এল আলতোয় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, বলিভিয়ার জাতীয় মুদ্রায় পরিপূর্ণ ছিল সামরিক কার্গো বিমানটি। দুর্ঘটনার সময় কার্গো বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পড়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় সেটি রানওয়ে থেকে ছিটকে যায় এবং কাছাকাছি মহাসড়কে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্যালিনাসের বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নিজেদের সূত্রের বরাত দিয়ে নিহতের সংখ্যা ২০ বলে জানিয়েছে। তবে এই নিহতদের মধ্যে কতজন বিমানযাত্রী ছিলেন এবং কতজন ক্ষতিগ্রস্ত গাড়িগুলোয় ছিলেন তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
বলিভিয়ার বিমানবাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরার বিবৃতি থেকে এ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। জেনারেল লোরা এক বিবৃতিতে জানিয়েছেন, কার্গো বিমানটিতে ছয়জন ক্রু ছিল। তাদের মধ্যে চারজনের মরদেহ মিললেও দুজনের খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না। কার্গো বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সন্তা ক্রুজ থেকে এল আলতো শহরের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, এই নোটগুলো আপাতত কোনো কাজে আসবে না। কারণ নোটগুলোতে এখনো সিরিয়াল নম্বর বসানো হয়নি। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ওই ব্যাংক নোটের কোনো ক্রয়ক্ষমতা নেই। সেগুলো সংগ্রহ বা ব্যবহার করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। জনগণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার ও কর্র্তৃপক্ষকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লোকজন উড়োজাহাজ দুর্ঘটনার এলাকায় গিয়ে ওই ব্যাংক নোটগুলো সংগ্রহের চেষ্টা করছিলেন।