বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদান আবারও একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছে জাতিসংঘের একটি তদন্তকারী সংস্থা। দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতা, বিচারহীনতার সংস্কৃতি এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। গত শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে কমিশন অন হিউম্যান রাইটস ইন সাউথ সুদান সর্বশেষ প্রতিবেদনটি পেশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের সাধারণ মানুষ বর্তমানে এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। হত্যা, পদ্ধতিগত যৌন সহিংসতা, নির্বিচার আটক এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ঘটনা সেখানে নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটিতে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, রাজনৈতিক সুরক্ষাকবচগুলো ভেঙে পড়ায় দেশটিতে নতুন করে গণনৃশংসতার ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোক কঠোর কূটনৈতিক চাপ এবং অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকরের আহ্বান জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদনে বর্তমান পরিস্থিতির জন্য দেশটির রাজনৈতিক ও সামরিক অভিজাতদের দায়ী করা হয়েছে।