বেশ কয়েকদিন আগেই প্রায় সবগুলো গণমাধ্যমে চাউর হয়েছিল মৎস্যকন্যা নামের একটি নাটকে নাম ভূমিকায় করছেন তরুণ মডেল-অভিনেত্রী সাফা কবির। কিন্তু ওই সময় নাটকটির শুটিং চলার কারণে কবে প্রচার হবে এটি সেটা জানাননি নির্মাতাপক্ষ। এবার জানা গেল, এবারের ঈদেই রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা মিলবে নাটকটির। মো. জামাল হোসেনের গল্প ভাবনায় ও সেরনিয়াবাত শাওনের চিত্রনাট্য, পরিচালনায় ‘মৎস্যকন্যা’র নাটকে সাফার চরিত্রের নাম ইরা। আর তার বিপরীতে রাফি চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।
সাফা কবির বলেন, ‘ছোটবেলা থেকেই কিন্তু আমার খুব প্রিয় মারমেইড বা মৎস্য আমার অনেক এরিয়েল মারমেইড সংগ্রহেও ছিল। ছোটবেলায় ভাবতাম সত্যিই কি মৎস্যকন্যা বলতে কিছু আছে? যখন আমার কাছে এই নাটকের গল্প নিয়ে আসেন পরিচালক তখন আমার খুউব ভালো লেগে যায়। কারণ শাওন ভাইয়ের নির্দেশনায় এর আগেও আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি। যে কারণে তার কাজের প্রতি আমার আস্থা আছে। যে কারণে তিনি বলার সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে যাই। গল্পটা মূলত জামাল ভাইয়ের। রূপান্তর করেছেন শাওন ভাই। আর খায়রুল বাসার আমার খুবই পছন্দের একজন কোআর্টিস্ট। বাসার এত শান্ত যে তার সঙ্গে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে মনে হয় আমার সঙ্গে বাসারের বেশ মিল আছে, বিশেষত আমি যেমন চুপচাপ, আরাম প্রিয় এবং কাজের প্রতি ডেডিকেটেড বাসারও ঠিক তেমনি। আমি খুব আশাবাদী আমাদের নতুন নাটকটি নিয়ে।’
অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘সাফার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। ভীষণ ডেডিকেটেড একজন অভিনেত্রী। যে চরিত্রেই অর্ভিনয় করে তা যেন পারফেক্ট সে জন্য সাফা অনেক শ্রম দিয়ে থাকে। ব্যক্তিগতভাবে সাফা খুবই হাসিখুশি একজন ঠান্ডা প্রকৃতির মানুষ। আমাদের বন্ধুত্ব কিংবা যোগাযোগটাও খুউব ভালো। সবদিক বিবেচনা করলে সাফার সঙ্গে কাজ করা আমার জন্য স্বস্তিকর এবং ভালো লাগার।’