নারায়ণগঞ্জে সেতুমন্ত্রী

চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পেলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরে স্পষ্ট ম্যাসেজ; কোনো ভাড়া বাড়বে না। যারা এভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ নদীবন্দর টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিন নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। শেখ রবিউল আলম বলেন, লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয়, বাজারে সংকট সৃষ্টি করার জন্য। এটা দেখার জন্য এসেছি। লাইটার জাহাজে গম পেয়েছি। নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে রেখে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে। যেসব জায়গায় ব্যত্যয় ঘটনার সম্ভাবনা আছে সেগুলো আমরা চিহ্নিত করে নির্দেশনা দিয়েছি।