নানা আলোচনা, সমালোচনার পর অবশেষে কবি মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামীকাল সোমবার এই পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমি।
শুরুতে কেন তার পুরস্কার স্থগিত করা হয়, তার কারণও জানানো হয়েছে সেই বিবৃতিতে। সেখানে বলা হয়, ‘কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।’
সেই সিদ্ধান্ত পর্যালোচনার পরই এসেছে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত। বিবৃতিতে বলা হয়, ‘উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।’
‘অভিযোগগুলো পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২ মার্চ ২০২৬ তারিখ সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।’
তবে এই পুরস্কার মোহন রায়হান নেবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেননি এখনো। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিকেলে আমাদের জাতীয় কবিতা পরিষদের একটি মিটিং আছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেব, পুরস্কার নেব কি না।