পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমকে পুলিশ আটক করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার ডিপ্লোমা ইন্সটিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলমের ছেলে মো. সাগর বলেন, বাবা একটি ইফতার পার্টির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ডিপ্লোমা ইন্সটিটিউটে গেলে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে জনতা রমনা থানায় খবর দেয়।
সাগর আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
রমনা থানা সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে শাহ্ আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়াও তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।