হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল, জ্বালানি ও এলএনজি পরিবহন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে ইরান। এরপরেই বড় তেল কোম্পানি, ট্রেডিং হাউস ও ট্যাঙ্কার মালিকরা যাতায়াত স্থগিত রেখেছে।

স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে বহু জাহাজ আটকে আছে এবং ইরানের রেভল্যুশনারি গার্ড তাদের প্রণালী অতিক্রম না করার সতর্কবার্তা দিয়েছে।

ব্রিটিশ নৌবাহিনী ইরানের নির্দেশকে আইনগতভাবে বাধ্যতামূলক নয় বলে উল্লেখ করলেও, পরিস্থিতির অবনতি ঘটছে। ইন্টারট্যাঙ্কো এবং গ্রিসসহ কয়েকটি দেশের শিপিং কর্তৃপক্ষ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এড়িয়ে চলার বা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় ২০ শতাংশ এবং কাতার থেকে বিপুল পরিমাণ এলএনজি এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

জার্মান শিপিং কোম্পানি হাপাগ-লয়েড ও ফরাসি সিএমএ সিজিএম গালফমুখী জাহাজ চলাচল স্থগিত বা রুট পরিবর্তন করেছে। ডেনমার্কের মের্স্ক মধ্যপ্রাচ্যে পণ্য গ্রহণ চালু রাখলেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।