চাঁদপুর জেলা আইনজীবী সমিতি

'ভোটের পরিবেশ নেই' উল্লেখ করে নির্বাচন বয়কট জামায়াত প্যানেলের

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ’ প্যানেল। রবিবার বেলা সাড়ে ১২টার পর সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরের কাছে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের সকল প্রার্থী নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একই সঙ্গে তারা নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

প্যানেলটির নেতারা অভিযোগ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ও পরবর্তীতে তাদের প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। বিশেষ করে সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানকে মব সৃষ্টি করে টেনেহিঁচড়ে অপদস্থ করা হয় বলে দাবি করেন তারা। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তোলেন।

ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বহিরাগতদের হামলার ঘটনা আইনজীবী সমিতি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু রহস্যজনকভাবে ক্যামেরা বন্ধ ছিল। তিনি ঘোষিত নির্বাচন স্থগিত করে নতুন তফসিল ঘোষণা ও সুষ্ঠু পরিবেশে পুনঃনির্বাচনের দাবি জানান।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সালসহ পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়নপত্র জমা দেন। 

অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবুল খায়ের মো. সালেহর নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়নপত্র দাখিল করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর জানান, জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পক্ষ থেকে নির্বাচন বয়কট সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে। বিষয়টি বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

আগামী ৫ মার্চ বৃহস্পতিবার আইনজীবী সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় এই ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই, আপত্তি দাখিল, শুনানি ও মনোনয়নপত্র প্রত্যাহার ১ মার্চ দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৮২জন।