ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, দালাল চক্রের ৯ সদস্য আটক

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রবিবার সকালে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে রোগী ও স্বজনদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ৯ দালালকে আটক করা হয়।

দালালমুক্ত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল।

ঈশ্বরদীর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃত ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেকে এক শ টাকা জরিমানা করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন নূর মোহাম্মাদ নূরু, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, আয়েশা খাতুন, নূরজাহান বেগম তুলি, শাহানাজ পারভিন, রোজিনা খাতুন ও পারু বেগম। তারা দীর্ঘদিন ধরে দালালচক্রের মাধ্যমে রোগী ও স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করে অর্থ আদায় করে আসছিলেন। এর ফলে প্রকৃত রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিল।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আনিচ-উর রহমান জানান, আমরা নিয়মিত গোয়েন্দা তৎপরতা চালিয়ে সঠিক তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করি। একবার গ্রেপ্তার হলেই যে আমরা এদিকে নজর রাখিনা এটা ভাবা বোকামি।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।