সখীপুরে ৩ ইউপির নির্বাচিত চেয়ারম্যান পুনর্বহাল

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় নির্বাচিত চেয়ারম্যানদের নিজ নিজ পদে বহাল করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

রবিবার (১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহফুজুল আলম মাসুম স্বাক্ষরিত পরিপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যানদের হাতে পৌঁছায়।

পুনর্বহাল হওয়া ইউনিয়ন পরিষদ ও পরিষদের চেয়ারম্যানরা হলেন কাঁকড়াজান ইউপিতে দুলাল হোসেন, দারিয়াপুর ইউপিতে আনসার আলী আসিফ ও বহুরিয়া ইউপিতে নুরে আলম মুক্তা।

গত ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে নানা প্রেক্ষাপটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরে নির্বাচিত চেয়ারম্যানরা প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন। আদালতের নির্দেশনার পর বিভাগীয় কমিশনারের তদন্তে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বাতিল করা হয়। এর ফলে তিন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা পুনরায় দায়িত্বে ফিরে পান।

এর আগে ওই তিন ইউনিয়নের চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক নিয়োগ করা হয়। যারা প্রশাসক ছিলেন তারা হচ্ছেন- কাকড়াজান ইউনিয়নে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, বহুরিয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ ও দারিয়াপুর ইউনিয়নে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান।

দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার অলী আসিফ বলেন, আমরা হাইকোর্টে রিট করেছিলাম। আদালতের আদেশের ভিত্তিতে আজ পরিপত্র জারি হয়েছে। আবার আমরা নিজ পদে বহাল হলাম। আজ থেকেই পরিষদের কার্যক্রম শুরু করেছি।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, উচ্চ আদালতের নির্দেশনার পর বিভাগীয় কমিশনার তদন্ত করে সঠিক তথ্য পাওয়ায় নির্বাচিত চেয়ারম্যানদের নিজ নিজ পদে পুনর্বহালের নির্দেশ দেন।