পঞ্চগড়ের সদর উপজেলায় টুনিরহাট আদর্শ শিক্ষা নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল ও স্কুল ঘর ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। রবিবার (১মার্চ) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালনকালে ওই প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন টুনিরহাট আদর্শ শিক্ষা নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওজিফুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন ও ৪নং কামাত কাজল দিঘী ইউনিয়নের বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে টুনিরহাট আদর্শ শিক্ষা নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। স্কুলটি এলাকার শিক্ষক-অভিভাবকদের কাছে আস্থার স্থল হয়ে উঠেছে। রমজান উপলক্ষে স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়ে গত বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে একদল দুর্বৃত্ত বিদ্যালয়ে হামলা চালায়। এ সময় তারা ঘর ও আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে, স্কুলের জমি দখলের চেষ্টা করে। তারা স্কুলের একটি টিনশেড ঘর ভেঙ্গে সেখানে নতুন করে ঘর নির্মাণের কাজ শুরু করে। এছাড়া স্কুলের আরও জমিতে তারা অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এ সময় স্থানীয়রা তাদের বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টার অভিযোগ করেন বক্তারা। মানববন্ধন থেকে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।