রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজপথে ও সংসদে শক্ত অবস্থানে থাকবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই হত্যাকাণ্ডের বিচার ও হাদি হত্যার বিচার সরকারকে নিশ্চিত করতে হবে।

রবিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেট কেআইবিতে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম সরকারকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিবাদের সব অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। তিনি আরও বলেন, সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে ‘সংস্কার পরিষদ’ গঠন করে শপথ নিতে হবে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য এত প্রাণ হারাতে হয়েছে, নতুন সরকার শপথ নিয়েই তা নিয়ে আশাহত করেছে। তিনি প্রতারণার আশ্রয় না নিয়ে সরকারকে জুলাই সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান।

ফ্যাসিস্ট সরকারের সব অপকর্ম ও জুলাই আন্দোলনে বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ।