ইরানের সর্বোচ্চ নেতা হত্যার ঘটনায় চীনের তীব্র নিন্দা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। 

রবিবার (১ মার্চ) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন।

একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা এবং শাসন পরিবর্তনের আহ্বান আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে ওয়াং ই বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরান পরিস্থিতি নিয়ে দেশটির অবস্থান তুলে ধরে বলেন, অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং দ্রুত সংলাপ ও আলোচনার পথে ফিরতে হবে। তিনি একতরফা পদক্ষেপের বিরুদ্ধে যৌথভাবে অবস্থান নেওয়ারও আহ্বান জানান।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য মন্তব্য করে ওয়াং ই আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় পৃথক বিবৃতিতে ‘কঠোর নিন্দা’ জানিয়েছেন।

মুখপাত্র বলেন, এই হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধিবিধানের ওপর আঘাত। তিনি বলেন, চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে তিনি ‘অবিলম্বে সামরিক অভিযান বন্ধের’ আহ্বান জানান।