ইরানের আইআরজিসির নতুন কমান্ডার আহমাদ ভাহিদি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন কমান্ডার হিসেবে আহমাদ ভাহিদিকে নিয়োগ দেওয়া হয়েছে। 

রবিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন আহমাদ ভাহিদি। আইআরজিসি ইরানের প্রধান সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বাহিনী হিসেবে পরিচিত এবং এটি দেশটির নিয়মিত সামরিক বাহিনী থেকে পৃথকভাবে পরিচালিত হয়।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধাসামরিক বাহিনী হিসেবে বিবেচিত। প্রায় ৪৫ বছর আগে ইরানে বিপ্লবী গার্ড বাহিনী (সিপাহ-ই পাসদারান) প্রতিষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ইরানের ইসলামি বিপ্লবকে সুরক্ষিত করা।

এই বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় দুই লাখ। তাদের নিজস্ব স্থল, বিমান ও নৌবাহিনী রয়েছে। এছাড়াও ইরানের কৌশলগত অস্ত্রসমূহের দেখভালের দায়িত্বও এই বাহিনীর ওপর ন্যস্ত।