চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড (একেএসএমএল) কারখানায় হামলার ঘটনায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাতজন হলেন মো. জামাল (৩৮), রমজান আলী (২৮), মো. রনি (২০), মো. এছহাক (৪৮), আরশাদুর রহমান (২০), মো. আলাউদ্দিন (৪৮) ও মো. খোকন (৩০)।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, একেএস স্টিল কারখানায় হামলার ঘটনায় তারা এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত বাকি তিনজনসহ অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ২৫ থেকে ৩০ জনের সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাত তাঁদের ওই কারখানায় এসে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তাপ্রহরীর দায়িত্বে থাকা পাঁচজনকে তারা পিটিয়ে জখম করে। কারখানার ফটকে থাকা নিরাপত্তা বক্স ও একটি পিকআপ ভাঙচুর করে ২০ হাজার টাকা লুট করে। এ সময় নিরাপত্তাপ্রহরীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাকর্মচারিরা জানান, কারখানার দক্ষিণ পাশ দিয়ে কমপক্ষে ১০-১৫ জনের একটি ডাকাত দল লুটতরাজের উদ্দেশে আক্রমণ করে। কারখানার সিকিউরিটি, আনসার ও কর্মচারীরা মিলে তাদেরকে প্রতিহত করে।
পরবর্তীতে ডাকাত দলটি রেললাইনের দিকে চলে যায় এবং রেললাইন থেকে পাথর নিক্ষেপ করে কারখানার প্রধান ফটকে আক্রমণ করে এবং সিকিউরিটি গেট, অফিস রুম এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে কারখানার ভিতরে প্রবেশ করতে চেষ্টা করে। পরে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ৩/৪ জন কর্মচারী আহত হয়েছেন। ঘটনার পরদিন শুক্রবার কারখানার নিরাপত্তাপ্রহরীদের শিফট ইনচার্জ মো. আলাউদ্দিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে আসামি করে মামলা করেন।