তাকওয়ার অনুপম দৃষ্টান্ত

ইসলামের ইতিহাসে তাকওয়ার যেসব গভীর ও হৃদয়স্পর্শী ব্যাখ্যা পাওয়া যায়, সেগুলোর এক অনুপম দৃষ্টান্ত হলো ওমর ইবনে খাত্তাব (রা.) ও উবাই ইবনে কাব (রা.)-এর একটি সংলাপ। ওমর (রা.) ছিলেন ন্যায়পরায়ণতা, দৃঢ়তা ও আল্লাহভীতির উজ্জ্বল প্রতীক। দ্বীনের সূক্ষ্ম বিষয়গুলো জানতে তিনি সর্বদা উদগ্রীব থাকতেন। তাকওয়া সম্পর্কে জানতে একদিন তিনি উবাই ইবনে কাব (রা.)-এর শরণাপন্ন হন। কারণ উবাই ইবনে কাব (রা.) ছিলেন কোরআনের গভীর জ্ঞানসম্পন্ন একজন সাহাবি। ওমর (রা.) প্রশ্ন করলেন, ‘তাকওয়া কী?’ উবাই ইবনে কাব (রা.) সরাসরি সংজ্ঞা না দিয়ে একটি উপমার আশ্রয় নিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ‘আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছেন?’ ওমর (রা.) বললেন, ‘হ্যাঁ’। উবাই ইবনে কাব (রা.) আবার প্রশ্ন করলেন, ‘তখন আপনি কীভাবে চলতেন?’ ওমর (রা.) উত্তরে বললেন, ‘আমি অত্যন্ত সতর্ক হয়ে হাঁটতাম, কাপড় গুটিয়ে নিতাম এবং সর্বোচ্চ চেষ্টা করতাম যেন কাঁটা আমার গায়ে না লাগে।’ তখন উবাই (রা.) বললেন, ‘এটাই তাকওয়া।’

এই সংক্ষিপ্ত কথোপকথনের মধ্যেই লুকিয়ে আছে তাকওয়ার পূর্ণ দর্শন। দুনিয়ার জীবন যেন এক কাঁটায় ভরা পথ। এখানে শয়তানের কুমন্ত্রণা, নফসের কুপ্রবৃত্তি ও নানা প্রলোভন মানুষকে ঘিরে রাখে। যে ব্যক্তি প্রতিটি পদক্ষেপে সচেতন থাকে, নিজের আমল ও আচরণকে নিয়ন্ত্রণ করে, গুনাহ থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, সেই প্রকৃত মুত্তাকি। কাঁটার ভয়ে যেমন পথিক তার পোশাক গুটিয়ে নেয় এবং সাবধানে হাঁটে, তেমনি মুত্তাকি ব্যক্তি তার দৃষ্টি, জিহ্বা, হৃদয় ও কর্মকে আল্লাহর ভয়ে সংযত রাখে।

লেখক : মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা