ম্যাগাজিন অনুষ্ঠান মানেই দর্শকের কাছে বাড়তি এক বিনোদন। আর ঈদের ইত্যাদি ঘিরে বরাবরই তাদের উন্মাদনা থাকে অন্যরকম। এবারের ঈদেও ভিন্ন ভিন্ন ও চমকপ্রদ সব আয়োজন নিয়ে দর্শকের সামনে আসছেন অনুষ্ঠানটির পরিচালক, পরিকল্পক ও সঞ্চালক হানিফ সংকেত। এর মধ্যে আকর্ষণীয় একটি চমক হচ্ছে বিদেশিদের নিয়ে পর্ব। প্রায় তিন দশক ধরে বিদেশি নাগরিকদের নিয়ে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে ইত্যাদিতে। শুধু আনন্দ দেওয়াই নয়, আনন্দ দেওয়ার পাশাপাশি বিদেশিদের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য।
বিদেশিদের নিয়ে, বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্র উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলা লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসংগতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। চমৎকার একটি শিক্ষামূলক বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই বিশেষ পর্বের। অনেকেই ভাবেন এতগুলো বিদেশি নিয়ে কীভাবে এই নাচ-গান-অভিনয় সম্ভব! এই অসম্ভব ও অসাধারণ কাজটি একমাত্র হানিফ সংকেতই সম্ভব করেছেন।
ঢাকায় বসবাসরত অনেক বিদেশির কাছেই হানিফ সংকেত ও ইত্যাদি দুটি প্রিয় নাম। এ দেশে না থাকলেও বিদেশিরা তাদের বন্ধুবান্ধব ও নতুন সহকর্মীদের ইত্যাদির এই পর্বটির ব্যাপারে উৎসাহিত করেন। তারা মনে করেন এটি তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ। যা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখে। তাই তারা উৎসাহের সঙ্গে এই পর্বটির জন্য অপেক্ষা করেন। তাছাড়া ইত্যাদি প্রচারের পর ইত্যাদিতে অংশগ্রহণ করা বিদেশিরা বাইরে বের হলে দর্শকরা যখন তাদের চিনতে পারেন, তাদের করা চরিত্র নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করেন তখন তাদের ভালো লাগে। একটি অনুষ্ঠানের ছোট্ট একটি পর্বে স্বল্প সময়ের উপস্থিতিতে তাদের এই পরিচিতি তাদের যেমন বিস্মিত করে, তেমনি আনন্দিতও হন।
এবারের পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক। যারা এ দেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন প্রায় অর্ধশত বিদেশি নাগরিক।
আজকাল আত্মস্বার্থ, ব্যক্তি লোভ কেড়ে নিচ্ছে মানুষের মানবিক গুণ-মানব জন্মের শ্রেষ্ঠত্ব-সার্থকতা। এরা দেশ, জাতি ও সমাজের শত্রু। সুবিধাবাদী দ্বিমুখী স্বভাবের এসব মানুষকে নিয়েই করা হয়েছে এবারের বিদেশিদের পর্ব। পাশাপাশি বরাবরের মতোই রয়েছে একটি বিষয়ভিত্তিক গানের সঙ্গে নৃত্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সংগীত পরিচালনা করেছেন মেহেদী। নৃত্য পরিচালনা করেছেন মামুন।
বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে হানিফ সংকেত বলেন, ‘ওরা অপেশাদার তবে অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্যকে আয়ত্তে আনতে তারা যে পরিমাণ মহড়া দেয় তা অকল্পনীয়। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। আশা করি প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।’
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।