রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়।
সোমবার (২ মার্চ) ভোররাতে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. শাহীন (৪৫) রাজশাহীর দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আহতরা হলেন— শামীম (৩৫), মো. শফিকুল (৪৫), রফিকুল ইসলাম (৪০), খরজাহান (৩৫), সেলিম শেখ (৩০), মামুন (৪২) ও রুপচান (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।
রাজশাহীর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে একটি মিনি ট্রাকযোগে ৮ জন ব্যক্তি সন্দেহজনকভাবে এলাকায় প্রবেশ করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং তাদের ধাওয়া করে। এক পর্যায়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটক করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা তাদের ধরে গণপিটুনি দেয়। মিনি ট্রাকটিতে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে শাহীন নামে একজন মারা যান। আহত সাতজনকে গুরুতর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, স্থানীয়দের গন পিটনির শিকারদের প্রিভিয়াস রেকর্ড চেক করা হয়নি। কিন্তু তাদের কাছে থেকে ডাকাতির যে সমস্ত সরঞ্জাম দরকার তালা ভাঙা ও বাড়ি ভাঙার মত জিনিস উদ্ধার করা হয়েছে। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।