সাবেক হুইপ সানজিদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা-৪ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের আবেদনের প্রেক্ষিতে রবিবার (১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। যা বর্তমানে অনুসন্ধানাধীন। শুনানি নিয়ে সানজিদার দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন আদালত। অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা করা একান্ত প্রয়োজন।

এদিকে একই আদালত শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনে বলা হয়, নজরুল ইসলামের বিরুদ্ধে উদ্দীপন এনজিও চেয়ারম্যান নিয়োগে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে অর্থ পাচার, ঘুষ বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।