ঝিনাইদহে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালি এলাকায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী হুসাইন (১৩) মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

সোমবার (২ মার্চ) ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী মোল্লা ব্রিক্স নামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন সদর উপজেলার রামপাড়িয়া গ্রামের ছেলে। সে বিষয়খালী বাজার সংলগ্ন কানুহরপুর হাজী আলী আক্কাস দাখিল মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, হুসাইন ইটভাটার সামনে পৌঁছালে খড়ি বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকটি সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।