বরুড়ায় ২ মাদক কারবারি আটক

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বরুড়া থানার এসআই (নি.) মো. তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার (১ মার্চ) বিকেল ২টা ৫০ মিনিটে আড্ডা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ১২নং আড্ডা ইউনিয়নের বাগমারা বাড়ির সামনে থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. খোকন মিয়া (৪৮) ও সানা উল্লাহ (৩১)। তাদের দেহ তল্লাশি করে খোকন মিয়ার কাছ থেকে ৬০ পিস এবং সানা উল্লাহর কাছ থেকে ৪২ পিসসহ মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে কুমিল্লা শহর থেকে ইয়াবা সংগ্রহ করে বরুড়ার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০ (ক) ধারায় বরুড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত দুইজনকে রবিবার (২ মার্চ) সকাল ১০টায় কুমিল্লা কোর্টে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, আটককৃত দুই ব্যবসায়ীকে আজ কোর্টে পাঠানো হয়েছে। “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বরুড়াকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”