গোপালগঞ্জে উন্নয়নে কোনো কার্পণ্য হবে না: এমপি জিলানী

গোপালগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২ মার্চ) বেলা ১২টায় টুঙ্গিপাড়া উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংসদ এস এম জিলানী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। দেশের অন্য ৬৪ জেলার মতো এখানকার মানুষও সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় কোনো বৈষম্য থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ডে এ অঞ্চল পিছিয়ে থাকবে না, বরং অনেক ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

তিনি সরকারি কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। টুঙ্গিপাড়া-কোটালীপাড়াও দেশের মূলধারার অংশ। তাই এখানে কাজ সঠিকভাবে হবে কি না, এ নিয়ে কারও মনে শঙ্কার কারণ নেই। এলাকার চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সহযোগিতা করলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াকে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

এর আগে উপজেলা চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।