কুতুব‌দিয়া চ্যানেল অভিযানে চরঘেরা-বেহুন্দি জাল জব্দ

চট্টগ্রা‌মের বাঁশখালী সাগর উপকূ‌লে ও কুতুব‌দিয়া চ‌্যা‌লে‌নে অভিযা‌নে ৫০ হাজার মিটার চরঘেরা জাল ও ৭টি বেহুন্দি জাল জব্দ করেছে মৎস‌্য দপ্তর ও কোস্টগার্ড। সোমবার (২ মার্চ) এ অভিযান চালানো হয়।

জব্দকৃত জালের মূল্য প্রায় ৮০ লাখ টাকা।  

বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌ‌সিব উদ্দিন জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ কোস্টগার্ড, পূর্ব জোন, বিসিজি কন্টিনজেন্ট চট্টগ্রামের যৌথ সমন্বয়ে বঙ্গোপসাগরের উপকূলে বাঁশখালীর শেখেরখীল, খাটখালী, গন্ডামারা সংলগ্ন মোহনায় ও কুতুবদিয়া চ্যানেলে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে পঞ্চম ধাপে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে কুতুবদিয়া চ্যানেলে ৫০ হাজার মিটার চরঘেরা জাল যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা এবং সাতটি বেহুন্দি জাল যার মূল্য সাড়ে তিন লাখ টাকার জাল জব্দ করা হয়। জব্দ করা জালসমূহ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বা‌র্থে এ অভিযান অভ‌্যাহত থাক‌বে বলে জানান তিনি।