হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন

লেবানন সরকার দেশটিতে হেজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে হেজবুল্লাহ ও সরকারের সমান্তরাল ক্ষমতার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়ল। তবে হেজবুল্লাহ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালাতে পারবে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে হেজবুল্লাহ সোমবার ইসরায়েলের দিকে রকেট হামলার পরই লেবানন সরকার হেজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের অবস্থান যেখানে যে কোনও ধরনের সংঘাত বিরোধী, সেখানে কোনও পরামর্শ ছাড়াই রকেট হামলা চালিয়েছে হেজবুল্লাহ। যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই বলেছেন, হেজবুল্লাহর এই তৎপরতা লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন।

বাস্তবে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও হেজবুল্লাহ এখনো সশস্ত্র অবস্থায় রয়েছে।

এদিকে ইসরায়েলী বাহিনী লেবাননে হেজবুল্লাহর অবকাঠামোগুলোয় হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

সূত্র: বিবিসি বাংলা