সাতাত্তরে শেখ সাদী খান

দেশের সংগীতপ্রেমীদের অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান। তার মধ্যে অন্যতম ‘তুমি রোজ বিকেলে’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘যা যারে যারে পাখি’, এবং ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’। একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের সংগীতের জাদুকর হিসেবে পরিচিত এই সংগীতজ্ঞ পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশি গানকে নিয়ে গেছেন অন এক উচ্চতায়। আজ তিনি পা রাখলেন জীবনের সাতাত্তরতম বছরে।

কিন্তু বিশেষ দিনটিতে কোনো জাঁকজমক আয়োজন নয়, বরং ঘরোয়াভাবে কাটাতে চান এই সংগীত পরিচালক। শেখ সাদী খান বলেন, ‘জন্মদিন নিয়ে আলাদা করে উচ্ছ্বাস প্রকাশের কারণ আছে বলে মনে করি না। কারণ জন্মদিন মানেই জীবন থেকে আরও একটি বছর হারিয়ে যাওয়া। তার পরও এই দিনে অনেকে শুভেচ্ছা আর ভালোবাসা জানায়। তাদের ভালোবাসায় সিক্ত হই। ভালো লাগা এটাই। আজকের দিনটি পরিবারের সদস্য এবং প্রিয় কিছু মানুষের সঙ্গে নিজ বাসাতেই কাটাতে চাই। আর সবার কাছে দোয়া চাই যেন, যতদিন বাঁচি ভালো কিছু কাজ করে যেতে পারি।’ শেখ সাদী খান চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন। এখনো কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

১৯৫০ সালের ৩ মার্চ জন্মগ্রহণ করা সংগীতের ধ্রুবতারা শেখ সাদী খান ‘ঘানি’ (২০০৬),  এবং ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ (২০১০) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৮ সালে পান একুশে পদক।