ভারত–পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের করমর্দন না করা নিয়ে বিতর্কে এবার মত দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার মতে, বাইরে থেকে দেখলে বিষয়টি ক্রিকেটের জন্য ভালো বার্তা দেয় না। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত নন।
গত এশিয়া কাপে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন না করায় নতুন করে আলোচনা শুরু হয়। পরে সূর্যকুমার জানান, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের পরিবারের প্রতি সংহতি জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ওই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের দায়ী করেছিল।
এরপর থেকে দুই দলের লড়াইয়ে এই ট্রেন্ড চলে আসছে। এমনিতেই ভারত–পাকিস্তান ম্যাচ বরাবরই রাজনৈতিক সংবেদনশীলতায় ঘেরা। ফলে মাঠের এই ছোট্ট ইঙ্গিতও বড় আলোচনার জন্ম দিয়েছে। চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে বাভুমা বলেন, ‘বাইরে থেকে দেখলে এটি ভালো দেখায় না। ক্রিকেট ভদ্রলোকের খেলা। আমরা ছোটবেলা থেকে এমন আচরণই শিখেছি।’
একইসঙ্গে বাভুমা উল্লেখ করেন, ‘আমি ভারত–পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছুই জানি না। তাই সেই দিক থেকে মন্তব্য করতে পারি না। কিন্তু একজন দর্শক হিসেবে দেখলে বিষয়টি খেলাটির জন্য সুখকর নয়।’
শুধু বাভুমা নন, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন একে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তার মতে, ক্রিকেট মাঠে করমর্দন না করা খেলাটির চেতনাকে ক্ষুণ্ন করে। আরেক সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক মনে করেন, বিষয়টি অনেকটাই প্রতীকী হতে পারে। কারণ মাঠের বাইরে দুই দলের খেলোয়াড়দের সম্পর্ক স্বাভাবিকই রয়েছে বলে শোনা যায়।