চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ডা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রাশেদ রানা বলেন, মঙ্গলবার সকাল ১০টায় মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত এক ব্যক্তির ট্রেনে কাটা পড়া লাশ পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহালে দেখা যায় মাথাসহ লাশের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।