‘লীগ’ বাদ, জাগপার ছাত্র সংগঠনের নতুন নাম ‘কাফেলা’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্রসংগঠনের নাম থেকে ‘লীগ’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ১৯৮০ সাল থেকে ‘জাগপা ছাত্রলীগ’ নামে পরিচিত সংগঠনটির নতুন নাম রাখা হয়েছে ‘জাগপা ছাত্র কাফেলা’। 

মঙ্গলবার (৩ মার্চ) জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী সংগঠনের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে অবগত করেন।

সংগঠনের নাম পরিবর্তন প্রসঙ্গে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ছাত্রসংগঠন হিসেবে ‘জাগপা ছাত্রলীগ’ যাত্রা শুরু করে। ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে এই সংগঠন সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ভূমিকা পালন করায় দেশের মানুষের মনে ‘ছাত্রলীগ’ নামটির প্রতি তীব্র ঘৃণার জন্ম হয়েছে। দেশের মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি বৈঠকে সংগঠনের নাম থেকে ‘ছাত্রলীগ’ শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম ‘জাগপা ছাত্র কাফেলা’ নিয়েই এখন থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে ছাত্রসংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে রূপান্তরিত হয়। ১৯৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তৎকালীন ছাত্রলীগ নেতৃবৃন্দ সেই আদেশ প্রত্যাখ্যান করেন। তারা তখন ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম পরিচালনা করেন, যা ১৯৮০ সালে এসে ‘জাগপা ছাত্রলীগ’ নামে নামকরণ করা হয়।