ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণ মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুনকে র‌্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে তাকে।

বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা এস.আই দুলু মিয়া জানান, বিরামপুর শহরের প্রফেসরপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তার বাড়ির ভাড়াটিয়া ৪০ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করে পালিয়ে যান। 

এ ঘটনায় ঐ নারী বাদী হয়ে চলতি বছরের ৭ জানুয়ারি হুমায়ুনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় পৌনে ২ মাস আত্মগোপনে থাকা হুমায়ুনকে র‌্যার-৫ এর সহায়তায় সোমবার রাজশাহী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন।