ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

সোমবার (২ মার্চ) ফক্স নিউজের একটি অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমি বলেছিলাম এটি দ্রুত ও নির্ধারক হতে পারে। কিছুটা সময় লাগতে পারে, কিন্তু এটা বছরের পর বছর চলবে না। এটা কোনো অন্তহীন যুদ্ধ নয়।

নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক। তিনি আমেরিকার জন্য যা সঠিক বলে মনে করেন, তাই করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তিনি যা সঠিক বলে মনে করেন, তা করছেন।

নেতানিয়াহু আরও বলেন, ট্রাম্প ইরানের হুমকি বোঝেন। আমার তাকে রাজি করানোর প্রয়োজন নেই। তেহরান যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে চায়। মানুষ এটা বুঝুক বা না বুঝুক, নেতাকে এটা বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্প এটা বোঝেন।

এদিকে ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এক অনলাইন ব্রিফিংয়ে জানান, পরিস্থিতির অগ্রগতির ওপর নির্ভর করে সামরিক অভিযানের সময়কাল পরিবর্তিত হতে পারে। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে কয়েক সপ্তাহের একটি সময়সীমা ধরে প্রস্তুতি নিয়েছি।

তবে সময় যত যাচ্ছে, যুদ্ধের পরিধি তত বাড়ছে। ইসরায়েল লেবাননে আবারও হিজবুল্লাহর ওপর হামলা চালিয়েছে। হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী।

অন্যদিকে ইরান উপসাগরীয় কয়েকটি দেশে হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব দেশ যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইসরায়েলের সঙ্গে মিলিয়ে ইরানে হামলার নির্দেশ দেন। প্রথমে তিনি বলেছিলেন যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে। তবে পরে তিনি দীর্ঘমেয়াদি ও খোলা মেয়াদের যুদ্ধকে যুক্তিযুক্ত বলে বক্তব্য দিচ্ছেন।

এই পরিস্থিতিতে ইরান শুধু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর নয়, বরং অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের মিত্র অনেক দেশের দিকেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন ব্যাহত হচ্ছে এবং শত শত দেশি-বিদেশি বিমান চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।